এইচএসসি: সিলেট বোর্ডে বেড়েছে জিপিএ-৫, কমেছে পাসের হার
বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এ বছর জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮৭১ জন। আর গত বছর পেয়েছিল চার হাজার ৭১৯ জন।
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ। এই হারে ছেলেদের তুলনায় এগিয়ে আছেন মেয়েরা। তাদের পাশের হার ৮২ দশমিক ৬১ শতাংশ আর ছেলেদের ৭৯ দশমিক ৬১ শতাংশ।
বুধবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এই ফলাফল ঘোষণা করেন বোর্ড সচিব কবির উদ্দিন আহমদ। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পালসহ শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে পরীক্ষার আগে ভয়াবহ বন্যায় আক্রান্ত এই বিভাগে এবার পাসের হার কমেছে। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ।
তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এ বছর জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৮৭১ জন। আর গত বছর পেয়েছিল চার হাজার ৭১৯ জন।
ফলাফল ঘোষণায় জানানো হয়, এ বছর সিলেট শিক্ষাবোর্ড থেকে ৬৬ হাজার ৪৯১ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৫৪ হাজার ১২২ জন।
বিভাগভিত্তিক পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে বিজ্ঞান বিভাগ। এই বিভাগের ৯০ দশমিক ৫০ শতাংশ পাস করেছে। এছাড়া ব্যবসা শিক্ষায় ৮০ দশমিক ২৩ শতাংশ ও মানবিকের ৭৯ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়েও এগিয়ে বিজ্ঞান বিভাগ। বিজ্ঞানের তিন হাজার ৩৩৩ জন, মানবিকের এক হাজার ২৬ জন ও ব্যবসা শিক্ষার ৫১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সিলেটে এবার শতভাগ পাস করেছে ১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে শতভাগ ফেল একটিও প্রতিষ্ঠান নেই।
এদিকে, এই শিক্ষা বোর্ডের জেলাওয়ারি ফলাফলে সবচেয়ে এগিয়ে রয়েছে সিলেট। এই জেলায় পাসের হার ৮৬ দশমিক ৪৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ৬৯ জন।
হবিগঞ্জ জেলায় পাসের হার ৮২ দশমিক ২৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৬৩৪ জন। মৌলভীবাজারে পাসের হার ৭৪ দশমিক ৯১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৭৭৯ জন।
আর সুনামগঞ্জ জেলায় পাসের হার ৮২ দশমিক ৮৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩৮৯ জন।
এবারের এইচএসসির ফলাফলকে সন্তোষজনক উল্লেখ করে সিলেট শিক্ষাবোর্ডের সচিব অধ্যাপক মো. কবির আহমদ বলেন, “গত পরীক্ষার আগে সিলেটে ভয়াবহ বন্যা ছিল। এছাড়া করোনা মহামারীর কারণে ঠিকমত ক্লাসও হয়নি। এসব বিবেচনায় এবারের ফলাফল সন্তোষজনক।”
গত দুই বছরের ফলাফলের সঙ্গে এবার তুলনা করলে চলবে না জানিয়ে তিনি বলেন, “গত বছর সীমিত কয়েকটি বিষয়ে পরীক্ষা হয়েছে। আর তার আগের বছর অটো পাস দেওয়া হয়েছে। তাই ফলাফলের তুলনা করতে হবে ২০১৯ সালের সঙ্গে। ওই বছর পাসের হার ছিল ৬৭ দশমিক ০৫ শতাংশ।”
কোভিড মহামারী আর বন্যায় বিলম্বিত এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সামগ্রিকভাবেই কমেছে পাসের হার। সারাদেশে এবার পাস করেছে ৮৫ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী। যেখানে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় ৯৫ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
