২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট-১: পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, কব্জার চেষ্টায় জামায়াতও

“হাসিনা সরকারের আমলে অনেক নেতাকর্মী নির্মম নির্যাতনের শিকার হওয়ায় বিএনপির প্রতি সাধারণ মানুষের সহমর্মিতা রয়েছে।”

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 11:38 AM

Updated : 26 Aug 2026, 02:49 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মত জয়পুরহাট-১ আসনেও নির্বাচনি উত্তাপ তুঙ্গে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন; দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 

জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি ২০১৪ থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত আওয়ামী লীগের দখলে ছিল। ওই সময়ের সংসদ সদস্য ছিলেন সামছুল আলম দুদু। 

শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পালাবদলে জয়পুরহাট-১ আসনটি আবার প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে এসেছে। 

১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত বিএনপির দখলে থাকা জয়পুরহাট-১ আসন পুনরুদ্ধারে মরিয়া দলটি; পিছিয়ে নেই জামায়াতও, ভোটার টানতে মরিয়া দুই শিবির।

এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। দলীয় উন্নয়ন পরিকল্পনা ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সামনে রেখে জনসমর্থন আদায়ে তিনি প্রতিদিন নির্বাচনি এলাকায় নানাভাবে প্রচার চালাচ্ছেন এবং দিচ্ছেন উন্নয়নমূলক প্রতিশ্রুতি।

বিএনপি প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা বলছেন, “শেখ হাসিনা সরকারের আমলে আমাদের অনেক নেতাকর্মী নির্মম নির্যাতনের শিকার হওয়ায় বিএনপির প্রতি সাধারণ মানুষের সহমর্মিতা রয়েছে। ফলে বিএনপি প্রার্থী নিশ্চিত জয়লাভ করবেন।”      

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুর রহমান সাঈদও দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সক্রিয় রয়েছেন। 

জামায়াত সমর্থিত ‘ল’ ইয়ার্স অ্যসোসিয়েশনোর জেলা সভাপতি ও জয়পুরহাট আইনজীবী সমিতির সভাপতি মোমিন ফকির বলেন, “জামায়াতের নীতি আদর্শ ও নেতাকর্মীদের সততার কারণে জামায়াত সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। অনেক নেতাকর্মী শহীদ ও আহত হলেও কারো প্রতি জুলুম করেনি। তাই জামায়াত প্রার্থীই জিতবে ইনশাআল্লাহ।”

তবে প্রধান দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী মাঠে সরব থাকলেও ছোট দলগুলোর উপস্থিতি ‘তুলনামূলক কম’।

এদিকে নারী ভোট ও তরুণদের সমর্থন নিয়ে জয়ের আশায় মরিয়া স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার শিখা। নানা উন্নয়নমুখী প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তিনি। 

তবে ভোটাররা বলছেন, দল নয় ‘যোগ্য প্রার্থীকে’ ভোট দেবেন তারা।

জয়পুরহাট-১ আসনের প্রার্থীরা হলেন- মাসুদ রানা প্রধান (বিএনপি), মো. ফজলুর রহমান সাঈদ (জামায়াতে ইসলামী), মো. ওয়াজেদ পারভেজ (বাসদ), তৌফিকা দেওয়ান (বাসদ-মার্কসবাদী), সাবেকুন নাহার (স্বতন্ত্র)

উন্নয়ন-কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিএনপির

ধানের শীষের মনোনয়ন পাওয়ার পর থেকেই কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনি মাঠে দৌড়ঝাঁপ করছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধানের ছেলে ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। 

মাসুদ রানা প্রধান বলেন, তিনি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের মাধ্যমে সাধারণের অর্থনৈতিক উন্নয়ন, রাস্তাঘাট ব্রিজ-কালভার্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ভবন নির্মাণ ও সংস্কার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা হবে। 

তিনি বলেন, “এ ছাড়া আমি সংসদ সদস্য নির্বাচিত হলে জয়পুরহাটে একটি মেডিকেল কলেজ, একটি নার্সিং ইনস্টিটিউটসহ বগুড়া থেকে গ্যাস লাইন এনে শিল্প কলকারখানা সৃজনের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা করব।”

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন,‎ “জয়পুরহাট-১ আসনটি মূলত বিএনপির জন্মলগ্ন থেকে তাদের ঘাঁটি হিসাবে পরিচিত। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

“তবে ২০১৪ সালে জাতীয় সংসদ সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াত ভোট বর্জন করলে সামসুল আলম দুদু আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনেও দুদু-ই সংসদ সদস্য নির্বাচিত হন।” 

তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপিসহ জাতীয় নেত্রী গণতন্ত্রের মানস কন্যা খালেদা জিয়ার আদর্শে গড়া বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সুশাসন আপামর মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। 

“তাই ভোটাররা তাদের প্রিয় মার্কা ধানের শীষে ভোট দিয়ে ‘নির্যাতিত’ জননেতা মাসুদ রানা প্রধানকে নির্বাচিত করবেন বলে জনসাধারণের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।” 

জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় জয়পুরহাটের অনেক খাল খনন ও সংস্কার করে কৃষি সেচ ব্যবস্থা নিশ্চিত করেন। তারপর খালেদা জিয়া গার্লস ক্যাডেট কলেজ স্থাপন, জয়পুরহাট সরকারি হাসপাতালটিকে ১০০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করা ছাড়াও কিশোর সংশোধনাগার ও হেলথ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

“এসব কারণে বিএনপি প্রার্থী নিশ্চিত জয় লাভ করবেন ইনশাল্লাহ।”      

‘ইনসাফের’ সমাজ গঠনের প্রতিশ্রুতি জামায়াতের 

জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ কেন্দ্রীয় জামায়াতের ‘মজলিস এ শুরা’ সদস্য ও জেলা জামায়াতের আমির। তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ভোটার টানছেন উন্নয়নের প্রতিশ্রুতিসহ নানা কৌশলে। 

সাঈদ বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে একটি ‘ইনসাফভিত্তিক’ রাষ্ট্র কাঠামো নির্মাণের মাধ্যমে শোষণ ও বৈষম্যমুক্ত সমাজব্যবস্থা কায়েম করা হবে।  

এ ছাড়া সরকারি উন্নয়ন ও বরাদ্দ, জবাবদিহিতার মাধ্যমে বণ্টন ও বাস্তবায়ন করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।  

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলমসহ বলছেন, ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে এককভাবে নির্বাচন করে জামায়াতের প্রার্থী প্রয়াত আব্বাস আলী খাঁন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৪৩ ও ৩৭ হাজার ভোট পেয়েছিলেন। পরে বিএনপির সঙ্গে জোটভুক্ত নির্বাচন করেন তারা। 

বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলটির ওপর নানা দমন-নিপীড়ন নির্যাতন চললেও ‘কৌশলে’ তাদের সাংগাঠনিক কার্যক্রম চালিয়ে দলকে সুসংগঠিত করেছেন।

তিনি বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে সবচেয়ে নির্যাতিত ছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তারপরও জামায়াত প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা মহান স্রষ্টার প্রতি আনুগত্য, দলীয় শৃঙ্খলাবোধ, সব ধর্ম-বর্ণের প্রতি সম্মানজনক আচরণ ও জুলুম-নির্যাতনের শিকার মজলুমদের প্রতি সহানুভূতিশীল। 

“এসব নানা কারণে সাধারণ মানুষ জামায়াতকে বিশ্বাস করে। তাই আসন্ন নির্বাচনে সাধারণ ভোটাররা জামায়াত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমরা আশা রাখি।” 

গার্মেন্টে কর্মসংস্থানের প্রতিশ্রুতি 

স্বতন্ত্র নারী প্রার্থী সাবেকুন নাহার আওয়ামী লীগের শাসন আমলে দুবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমে ২০২২ সালে পাঁচবিবি পৌরসভার মেয়র পদে পাঁচবিবি জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবের লড়াইয়ে পরাজিত হন।  

পরে ২০২৪ সালে পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগ নেতা মুনিরুল শহিদ মুন্নাকে পরাজিত করে নির্বাচিত হলেও একই বছরের ৫ অগাস্ট পরবর্তী সময়ে সেই ফলাফল বাতিল হয়।

বর্তমানে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে জোরে জোরে শক্ত অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচনি প্রতিশ্রুতিতে সাবেকুন নাহার বলেন, “আমি নির্বাচিত হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড শতভাগ স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করব। এ ছাড়া যেহেতু আমাদের গার্মেন্টস শিল্প রয়েছে, জয়পুরহাটে একটি গার্মেন্টস শিল্প কারখানা স্থাপন করে ২০-২৫ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করব।”

প্রার্থীরা ভোটারদের সন্তুষ্টি আদায়ে নানা প্রতিশ্রুতি দিলেও জয়পুরহাট-১ আসনের বিভিন্ন এলাকা ঘুরে ও ভোটারের সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা প্রতিনিধি নির্বাচনে ব্যালট প্যাপারে সিল মারবেন হিসেব কষেই। 

জয়পুরহাট শহরের আরামনগর এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, “ভোট আসলেই প্রার্থীরা প্রতিশ্রুতি দেবেন এটিই স্বাভাবিক। আবার ভোট পার হলে তাদের খরব থাকে না। তাই এবার ভোট দেব দেখেশুনে।”

সদর উপজেলার ছাওয়াল পাড়া গ্রামের নেজাম উদ্দীন বলছিলেন, “এবার ভোট দেব দলীয় প্রতীক কিংবা নেতা দেখে নয়। বাস্তব উন্নয়ন ও নানাবিধ সামাজিক সমস্যার সমাধান করতে পারবে এমন প্রার্থীকেই বাছাই করব।”  

দুর্গাদহ বাজারের ভ্যানচালক আব্দুল জব্বার, পাঁচবিবি উপজেলার বেড়াখাঁই এলাকার কৃষক মাহবর আলী ও পাঁচবিবি পৌরসভার দানেজপুর এলাকার ফয়েজ আলী বলছিলেন, তারা এমন একজন জনপ্রতিনিধি তারা চান, যিনি দুর্যোগে-দুর্দিনে জনগণের পাশে থাকবেন।

উত্তরের সীমান্ত ঘেঁষা জয়পুরহাট-১ আসনটি পাঁচবিবি ও জয়পুরহাট সদর উপজেলার ১৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৯৩৮ জন। 

এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ১০, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৯২০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৮ জন।