Published : 22 Jun 2026, 06:41 PM
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়-রাবি শাখা ছাত্রদল।
সোমবার দুপুরে ‘ছাত্রলীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ ঘোষণা দেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।
এর আগে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল চলাকালে ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে সুলতান আহমেদ রাহী বলেন, “নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ক্যাম্পাস ও রাজশাহী জেলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “নিষিদ্ধ এসব সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ ধরিয়ে দিতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”
শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, “১৬ বছরে দেশের মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। জনগণ তাদের আর গ্রহণ করবে না।”