জাবিতে ‘সাইবার বুলিং’ বন্ধে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধার একটি টকশোতে দেওয়া বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ‘স্লাটশেমিং’ ও ‘সাইবার বুলিংয়ের’ ঘটনাও তুলে ধরা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বুলিং’, ‘সোশ্যাল মিডিয়া ট্রায়াল’ ও অনলাইন হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন।
রোববার এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক ভাষার ব্যবহার এবং পরিকল্পিত ‘সোশ্যাল মিডিয়া ট্রায়াল’ উদ্বেগজনক হারে বাড়ছে। এসব কর্মকাণ্ড ব্যক্তি মর্যাদার লঙ্ঘন এবং বিশ্ববিদ্যালয়ের সহাবস্থান ও যুক্তিনির্ভর রাজনৈতিক সংস্কৃতির জন্য হুমকি।
বিশেষ করে ২০২৪ সালের ৫ অগাস্টের পর শিক্ষার্থী ও শিক্ষক, বিশেষত নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও লিঙ্গবিদ্বেষী ভাষার ব্যবহার বেড়েছে বলে এতে বলা হয়।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রেজওয়ানা করিম স্নিগ্ধার একটি টকশোতে দেওয়া বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ‘স্লাটশেমিং’ ও ‘সাইবার বুলিংয়ের’ ঘটনাও তুলে ধরা হয়।
এতে বলা হয়, মতপার্থক্য ও রাজনৈতিক বিরোধ গণতান্ত্রিক বাস্তবতার অংশ হলেও তা কোনোভাবেই ব্যক্তিগত আক্রমণ বা সংগঠিত অনলাইন নিপীড়নের পর্যায়ে পৌঁছাতে পারে না।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, জাকসুর একাধিক সদস্য সরাসরি বা পরোক্ষভাবে এসব কর্মকাণ্ডে জড়িত। তারা জুলাই আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সক্রিয় শিক্ষার্থী ও শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলেও দাবি করা হয়।
এ অবস্থায় পাঁচ দফা দাবি তুলে ধরে সংগঠনটি। দাবিগুলোর মধ্যে রয়েছে- ‘সাইবার বুলিংয়ে’ জড়িতদের শনাক্ত করে শাস্তি, জাকসু সদস্যদের বিরুদ্ধে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুয়া অনলাইন প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা, প্রশাসনের দৃশ্যমান ও তাৎক্ষণিক পদক্ষেপ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি অপব্যবহার ঠেকাতে কার্যকর নীতিমালা প্রণয়ন।
