১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে অভিযানে অবৈধ ২ ইট ভাটা বন্ধ

“লাইসেন্স না হওয়া পর্যন্ত ইট ভাটা দুইটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।”

পঞ্চগড়ে অভিযানে অবৈধ ২ ইট ভাটা বন্ধ
পঞ্চগড়ে অভিযান চালিয়ে অবৈধ দুইটি ইট ভাটা বন্ধ করেছে প্রশাসন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2025, 08:01 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ দুইটি ইট ভাটা বন্ধ করেছে প্রশাসন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দন্ডপাল ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান।  

তিনি বলেন, মেসার্স এমএস ব্রিকস ও মেসার্স কেএসবি ব্রিকসে পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স না থাকায় ইট ভাটা দুইটির চুল্লি ভেঙে ফেলে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়। 

“একই সাথে পল্লী বিদ্যুতের সহযোগিতায় ইটা ভাটা দুইটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। লাইসেন্স না হওয়া পর্যন্ত ইট ভাটা দুইটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।” 

ইউএনও মাহমুদুল বলেন, “দেবীগঞ্জে দীর্ঘদিন থেকে বেশ কিছু ইট ভাটা লাইসেন্স ব্যতীত তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। মঙ্গলবার দুইটি ইটভাটা বন্ধ করে দেওয়া হল। পর্যায়ক্রমে লাইসেন্স না থাকা সবগুলো ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।”

অভিযানে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং দেবীগঞ্জ থানার পুলিশ ও গ্রাম পুলিশের একটি দল এ উপস্থিত ছিল।