২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লাস্টিক বর্জ্য জমা দিলে উপহার মিলছে গাছ-বই

“এর মাধ্যমে আমরা সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে উৎসাহিত হচ্ছি।”

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 02:31 PM

Updated : 26 Aug 2026, 09:44 AM

কুড়িগ্রামে পরিবেশ দূষণ রোধ ও সৌন্দর্য রক্ষায় ছুঁড়ে ফেলা বা ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিলে বিনিময়ে গাছ ও বই উপহার পাওয়া যাচ্ছে।

শুক্রবার সকাল থেকে শহরের কলেজ মোড় এলাকায় ‘ফাইট আনটিল লাইট-ফুল’ নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এ কার্যক্রম শুরু করে।

‘পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী জমা দিন গাছ ও বই উপহার নিন’ স্লোগানে তিনদিন প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা ও বই বিতরণ করবে সংগঠনটি।

ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, “রাস্তাঘাটে প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হয়। এতে পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে। প্লাস্টিক বর্জ্য জমা দিলেই সবার হাতে বই ও গাছ উপহার তুলে দেওয়া হচ্ছে।

“এই কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের পরিবেশবান্ধব মন-মানসিকতার সৃষ্টি হচ্ছে।”

জনসচেতনতা ও বসবাসযোগ্য সুন্দর পরিবেশ তৈরিতে সবাইকে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে উপহার পাওয়া নুর ইসলাম বলেন, “প্লাস্টিকের বোতল যত্রতত্র পাওয়া যায়। এর বিনিময়ে যে বই ও গাছ উপহার পাব তা কখনো ভাবিনি। অনেক ভালো লাগছে।

“এর মাধ্যমে আমরা সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে উৎসাহিত হচ্ছি। ভবিষ্যৎতে আমাদের জন্য ভালো হবে।“

কুড়িগ্রামের সাংবাদিক সফি খান বলেন, “পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে গাছ উপহার পাওয়া খুবই চমৎকার উদ্যাগ।  এতে আমরা নিজে বাঁচব, প্রকৃতিকে বাঁচাব; পৃথিবী বাঁচাব।”