চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় আইনজীবীর মৃত্যু
রাস্তা পার হয়ে মসজিদের দিকে যাওয়ার সময় দ্রুতগতির ইজিবাইক তাকে পেছন থেকে ধাক্কা দেয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক আইনজীবী।
বৃহস্পতিবার ভোরে উপজেলার দৌলাতদিয়াড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মাহাবুবুর রহমান।
নিহত ৫৮ বছরের মঞ্জুর হোসেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বেলাল হোসেন জানান, ভোরে মঞ্জুর হোসেন ফজরের নামাজ পড়ার জন্য দৌলাতদিয়াড় গ্রামের নিজ বাড়ি থেকে বের হন।
“রাস্তা পার হয়ে মসজিদের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।”
এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
কিন্তু রাজশাহী নেওয়ার পথে চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছুলে মঞ্জুর হোসেন মারা যান।
ওসি মাহাবুবুর রহমান জানান, স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
