২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ইউপি চেয়ারম্যানকে অপহরণ, ‘বম পার্টি’র নাম

রুমার ইউএনও বলেন, “তারা মুক্তিপণ চেয়েছেন। মুক্তিপণ দিলে তারা ছেড়ে দেবে বলে শুনেছি।”

বান্দরবানে ইউপি চেয়ারম্যানকে অপহরণ, ‘বম পার্টি’র নাম

বান্দরবানের পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 07:55 PM

Updated : 14 Jan 2024, 09:26 PM

কেওক্রাডং পাহাড় থেকে ফেরার পথে বান্দরবানের রুমা উপজেলায় এক ইউপি চেয়ারম্যানকে অপহরণ করা হয়েছে। সঙ্গীরা দাবি করেছেন, পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফ সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।

রোববার বিকাল সাড়ে ৩টায় উপজেলার হারমুন পাড়া এলাকায় চান্দের গাড়ি থামিয়ে পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমাকে অপহরণ করা হয় বলে রুমা থানার ওসি মো. শাহজাহান জানান।

রুমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বগালেক-হারমুন পাড়ার মাঝখানের একটা এলাকায় চেয়ারম্যানকে অপহরণ করা হয়েছে বলে শুনেছি। এটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

“তারা মুক্তিপণ চেয়েছেন। মুক্তিপণ দিলে তারা ছেড়ে দেবে বলে শুনেছি।”

পাইন্দু ইউপি সদস্য জানান, প্রতিটি চান্দের গাড়িতে ১৮ জন করে মোট দুটি গাড়ি নিয়ে রোববার সকাল ১০টায় তারা কেওক্রাডং যান। দুপুরে খাওয়া-দাওয়া সেরে রুমা উপজেলা সদরে ফিরছিলেন।

“সামনে থাকা আমাদের একটি গাড়িকে কেএনএফ সদসর‌্যা গতিরোধ করে। মোট সাতজন, সবার হাতে অস্ত্র এবং সামরিক পোশাক পরিহিত ছিল।”

ইউপি সদস্য বলেন, “তারা চেয়ারম্যানকে জোর করে নিয়ে যায়। বাকিদের ছেড়ে দেওয়া হয়। তারা কাউকে না বলার জন্য হুমকিও দিয়েছে।”

চান্দের গাড়িতে থাকা চেয়ারম্যানের একাধিক সফরসঙ্গীকে মোবাইল করা হলে তারাও অপহরণের বিষয়টি জানান। তারা বলেন, সেখানে একটি এনজিও প্রজেক্ট দেখতে গিয়েছিলেন তারা। কিন্তু এ বিষয়ে কেউ বিস্তারিত বলতে রাজি হননি।

রুমা থানার ওসি মো. শাহজাহান বলেন, “জেলা পুলিশের কার্যালয়ে একটি মিটিং শেষে আমি রুমায় ফিরছি। শুনেছি, চেয়ারম্যানের সফরসঙ্গীরা রুমা বাজারে পৌঁছেছেন। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারব।”

পরে সন্ধ্যায় ওসি জানান, তিনি অপহরণের বিষয়টি চেয়ারম্যানের সঙ্গীদের কাছ থেকে জেনে নিশ্চিত হয়েছেন। সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। এই অবস্থার মধ্যেই পুলিশ কাজ শুরু করেছে। 

জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, “রুমায় কাউকে অপরহণ করা হয়েছে এ ধরনের খবর আমরা জানি না। রুমার ওসি সাহেব একটা মিটিং শেষ করে বিকালে রুমায় চলে গেছেন। এ ধরনের কিছু হলে ওসি সাহেব আমাদের রিপোর্ট দেবেন। তখন আমরা বিস্তারিত জানাতে পারব।”