Published : 17 Jul 2023, 05:50 PM
খুলনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর দেড়টার দিকে নগরের ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
সমাবেশে উপস্থিত ছিলেন এমন কয়েকজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, খুলনা নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্যসচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বাধীন পক্ষের সঙ্গে নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু পক্ষের এ হাতাহাতি হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু হলুদ গেঞ্জি ও হলুদ ক্যাপ পরিহিত অনুসারীদের নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশ মঞ্চের সামনে অবস্থান নেন।
এ সময় মঞ্চে গান ও কবিতা পরিবেশন হচ্ছিল।
দুপুর দেড়টা পর্যন্ত তারা সেখানেই ছিলেন। দেড়টার দিকে সমাবেশ মঞ্চ থেকে নগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী মঞ্চের সামনের জায়গা থেকে হলুদ গেঞ্জি পরা কর্মীদের পেছনে চলে যেতে বলেন।
একইসঙ্গে তারা লাল ও সবুজ ক্যাপ পরা নিজেদের অনুসারীদের মঞ্চের সামনে অবস্থান নেওয়ার নির্দেশ দেন।
এ ঘোষণার পর বিএনপির বর্তমান কমিটির নেতাদের অনুসারীরা মঞ্চের সামনের দিকে চলে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে ৪-৫ জন নেতাকর্মী আহত হন।
একপর্যায়ে বিএনপি নেতা মঞ্জু তার অনুসারীদের নিয়ে পেছনের দিকে সরে যেতে বাধ্য হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি মঞ্চে ওঠার আগেই এসব ঘটনা ঘটে।