ময়মনসিংহে ভ্যান-অটোরিকশার সংঘর্ষে কৃষকলীগ নেতার মৃত্যু
শরীফ উদ্দিন জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
ময়মনসিংহ শহরে ভ্যান-অটোরিকশার সংঘর্ষে এক কৃষকলীগ নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর মাসকান্দা-হৃদয় মোড় সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
নিহত শরীফ উদ্দিন (৫০) নগরীর মাসকান্দা এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে। তিনি জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
ওসি আকন্দ বলেন, শরীফ উদ্দিন রাত সাড়ে ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় মাসকান্দা থেকে হৃদয়ের মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শরীফ উদ্দিন।
স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
