সাতক্ষীরার লাবণ্যবতী নদীর ওপর সেতু যেন ‘মরণফাঁদ’
স্থানীয়রা বলছেন, সেতু দিয়ে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় লাবণ্যবতী নদীর ওপর কাঠের সেতুটি ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শ্রীরামপুর বাজার সংলগ্ন লাবণ্যবতী নদীর ওপর নির্মিত দীর্ঘ দিনের কাঠের সেতুটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
স্থানীয়রা বলছেন, সেতু দিয়ে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।
দেবহাটা উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নেছারুল্লাহ-আল-মামুন জানান, ১৯৯৫ সালে নির্মিত এই কাঠের সেতুটি ভেঙে পড়ার উপক্রম হলেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সেতু থেকে নদীর পানিতে পড়ে আহত হচ্ছেন সাধারণ মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।
স্থানীয় আরিজুল ইসলামসহ কয়েকজন জানান, প্রায় তিন বছর ধরে সেতুটি এ অবস্থায় পড়ে আছে। কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে অনেক কষ্ট হয়; জীবনের ঝুঁকি নিয়ে হাটুরে মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন।
আরিজুল ইসলাম বলেন, “সেতুটি ভেঙে যাওয়ার কারণে আমরা বাচ্চা-কাচ্চা নিয়ে নদী পাড় হতে পারি না।”
দ্রুত সেতুটি সংস্কার বা নতুন সেতু নির্মাণ করে যাতায়াত ব্যবস্থা নিরাপদ করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে বলছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ ভুক্তভোগীরা।
ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজী বলেন, “এই সেতুটি কয়েকবার সংস্কার করা হয়েছে। নিকটে দুটি পাকা ব্রিজ থাকার কারণে এই সেতুটির সংস্কারে বাজেট সংকুলান হচ্ছে না।”
