২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাটে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন।

লালমনিরহাটে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৩০

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউপি উপ-নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2022, 08:11 PM

Updated : 19 Dec 2022, 08:11 PM

ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্নায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদিবাড়ি ৫ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে হাতীবান্ধা থানার ওসি শাহ আলম জানান।

আহতদের মধ্যে রয়েছেন- নৌকা মার্কার প্রার্থী নূরুল আমিন, আনারস মার্কার প্রার্থী অ্যাডভোকেট আরিফুল ইসলাম আরিফ, পূর্ব সিন্দুর্না গ্রামের রাসেল (২৮), ফেরদৌস (৩২), রুবেল (৩২), বিষু (২৮), আফিয়ার রহমান (৪১), সহিদার (৩২), জিতেন (৩৫), শহিদুল ইসলাম (৩৮), মিজানুর রহমান (২৭), তায়েবুর রফিক (৩২), নজরুল ইসলাম (৩০), কালাম (৩২)।  

আহতদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে শহিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় উভয়পক্ষই অভিযোগ দিয়েছেন জানিয়ে ওসি শাহ আলম বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশ তৎপর রয়েছে। দুটি অভিযোগই তদন্ত করে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে উত্তর হলদিবাড়ি এলাকায় দুই পক্ষ নির্বাচনী প্রচার কাজ চালাচ্ছিলেন। এ সময় উভয়পক্ষের সমর্থকরা কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে লিপ্ত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, হাসপাতালে ভর্তি রোগীরা সবাই সুস্থ আছেন।তাদের চিকিৎসা সেবা চলছে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন বলেন, বিষয়টি তিনি জেনেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে উপজেলা ও পুলিশ প্রশাসন কাজ করছে।

চলতি বছরের ৯ সেপ্টেম্বর সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খতিব উদ্দিন মারা যান। পরে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৯ ডিসেম্বর এখানে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।