২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের ‘বাধা’

ওসি জানান, অনুমতি ছাড়াই তারা মিছিল করেছে। তাই তাদের সংক্ষিপ্তভাবে মিছিল শেষ করতে বলা হয়েছিল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2023, 06:01 PM

Updated : 17 Dec 2023, 06:01 PM

বরিশাল নগরীতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে বের হওয়া বাম গণতান্ত্রিক জোটের মিছিলে ‘বাধা দিয়েছে’ পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে নগরীর সদর রোডে বাধা দেওয়ার অভিযোগ করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ জেলার সদস্য বিজন সিকদার।

তিনি জানান, একতরফা নির্বাচন বাতিল, নির্বাচন কমিশন ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ সমাবেশ করা হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের আহ্বায়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা শাহ আজিজুর রহমান খোকন।

বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা শাখার সম্পাদক নৃপেন্দ্র নাথ বাড়ৈ।

বাসদ নেতা বিজন সিকদার আরও জানান, সমাবেশ শেষে নির্বাচন কার্যালয় অভিমুখে মিছিল বের করা হয়। নগরীর সদর রোড থেকে মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল লাইন রোডের মুখ পর্যন্ত যায়। সেখানে পুলিশ এসে তাদের আটকে দেয়।

তিনি অভিযোগ করেন, পুলিশ তাদের অবরুদ্ধ করে নেতাদের ধাক্কা দেয় ও ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে।

বিজন সিকদার বলেন, “সমাবেশ শেষে বাসদ কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে ফেরত যেতে চাইলেও পুলিশ সেখানেও বাধা দেয় ও ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে।”

অর্ধশত পুলিশ দুপুর ২টা পর্যন্ত বাসদ কার্যালয় ঘেরাও করে রেখেছিল বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মো. আরিচুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুমতি ছাড়াই তারা মিছিল করেছে। তাই তাদের বলেছি সংক্ষিপ্তভাবে মিছিল শেষ করতে। তাদের বাধা দেওয়া কিংবা ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়নি।”