গোপালগঞ্জে শিক্ষার্থীদের রণাঙ্গনের বীরত্বগাঁথা শোনালেন মুক্তিযোদ্ধারা
প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বীর মুক্তিযোদ্ধারা।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গোপালগঞ্জে শিক্ষার্থীদের ‘৭১ এর রণাঙ্গনের বীরত্বগাঁথা শুনিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।
রোববার সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামুকার পরিচালক মো. রুবাইয়াত শামীম চৌধুরী।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি মো. আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু ও বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ রুহুল আমীন ৭১ এর রণাঙ্গনে তাদের বীরত্বগাঁথা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন।
পরে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বীর মুক্তিযোদ্ধারা।
কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রকল্প পরিচালক ড. মো. নুরুল আমিন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন উদ্দিন বক্তব্য দেন।
