২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাসন করতে গিয়ে’ পিটুনিতে ভাগনের মৃত্যু, গ্রেপ্তার ২ মামা

দিনাজপুরের চিরিরবন্দরে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পেটানোর এক পর্যায়ে লিমন অসুস্থ হয়ে পড়েন বলে জানায় পুলিশ।

‘শাসন করতে গিয়ে’ পিটুনিতে ভাগনের মৃত্যু, গ্রেপ্তার ২ মামা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 07:45 PM

Updated : 17 Aug 2023, 07:45 PM

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ‘শাসন করতে গিয়ে’ এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের দুই মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার লক্ষিপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ।

নিহত লাবু হোসেন লিমন (২৫) ওই গ্রামের সহিদুল ইসলাম লাবুর ছেলে।

গ্রেপ্তাররা হলেন- জয়দেবপুর পশ্চিমপাড়া গ্রামের প্রয়াত আইয়ুব আলীর ছেলে হায়দার আলী (৫৫) ও হাসমত আলী হাসু (২৬)। 

নিহতের পরিবারের বরাতে ওসি বজলুর বলেন, “লিমন নিয়মিত মাদক সেবন করতেন। এর আগে মাদক সেবনের অপরাধে জেলও খেটেছে। নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের নির্যাতন করত লিমন। এমনকি গোপনে বাড়ির জিনিসপত্রও বিক্রি করতেন তিনি।

“বুধবার রাতে লিমনদের বাড়িতে যান মামা হায়দার ও হাসমত। পরে পরিবারের সম্মতিতে রশি দিয়ে হাত-পা বেঁধে লিমনকে লাঠি দিয়ে পেটান তারা।

“এক পর্যায়ে লিমন অসুস্থ হয়ে পড়লে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় লিমনের মা বাদী হয়ে চিরিরবন্দর থানায় হায়দার আলী ও হাসমত আলীকে আসামি করে মামলা করেছেন বলে জানান ওসি।

আইনি প্রক্রিয়া শেষে আটক দুই জনকে আদালতে সোপর্দ করা হবে বলে ওসি বজলুর জানান।