২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ‘৪০ সোনার বারসহ পাচারকারি’ আটক

উদ্ধার সোনার ওজন চার কেজি ৬৬৫.৫৪ গ্রাম। দাম প্রায় ৪ কোটি ৬ লাখ টাকা বলে জানায় বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 03:33 PM

Updated : 17 Jan 2024, 03:33 PM

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪০টি সোনার বারসহ যুবক আটক হয়েছেন; যাকে পাচারকারি বলছে বিজিবি।

বুধবার সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান।

আটক রিমন হোসেন মাটিলা সীমান্তের বাগানপাড়া গ্রামের বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, ভারতে সোনা পাচারের খবর পেয়ে ওই সীমান্ত এলাকায় বিজিবির টহল দল অবস্থান নেয়।

পাচারকারিরা সীমান্তের কাছাকাছি গেলে বিজিবির টহল দল  তাদের ধাওয়া দেয়। তখন একজন দৌড়ে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিমন বিজিবির হাতে আটক হন।

বিজিবি কর্মকর্তা আরও জানান, ধাওয়া খেয়ে পাচারকারিদের ফেলে দেওয়া ব্যাগে চার কেজি ৬৬৫.৫৪ গ্রাম ওজনের ৪০টি সোনার বার পাওয়া যায়। বারগুলোর মূল্য প্রায় ৪ কোটি ৬ লাখ টাকা বলে জানায় বিজিবি।

আটক রিমন হোসেনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা ও উদ্ধার সোনা ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান, বিজিবি কর্মকর্তা মাসুদ পারভেজ রানা।