২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে শুরু হয়েছে প্রতিদিনের কোরবানির হাট

হাটে ছিল কোরবানিকে লক্ষ্য করে পালিত বৃহৎ আকারের গরুও।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 12:14 AM

Updated : 24 Jun 2023, 06:00 PM

ঈদুল আজহাকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে প্রতিদিনের কোরবানির হাট।

হাটগুলোতে বিপুল পরিমাণ পশু আসছে; ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। দাম বেশির দাবি করছেন ক্রেতারা।

অপরদিকে, বিক্রেতা বলছেন, চাহিদা মতো দামে বিক্রি করতে গিয়ে বেগ পেতে হচ্ছে তাদের। তবে থেমে নেই বেচা-কেনা।

ঈদুল আজাহার বাকি আর মাত্র পাঁচ দিন। এ অবস্থায় শুক্রবার থেকে প্রতিদিনের কোরবানির হাট চৌগাছায় শুরু হয়েছে। শনিবার থেকে শুরু হবে শার্শার সাতমাইলে।

চৌগাছার হাটে গত বৃহস্পতিবার থেকে বিপুল পরিমাণ কোরবানির পশু আসতে দেখা গেছে। দূর-দূরন্ত থেকে পশু নিয়ে হাটে আসেন মালিকেরা।

ছিল কোরবানিকে লক্ষ্য করে পালিত বৃহৎ আকারের গরুও।

উপজেলার বাদে খানপুর গ্রাম থেকে বিশাল আকারের একটি গরু নিয়ে হাটে আসেন মন্টু মিয়া।

তিনি দাবি করেন, তার গরুর মাংস হবে প্রায় ১৫ মণ। গরুটির দাম তিনি হাঁকছেন সাড়ে ৫ লাখ টাকা।

প্রায় একই আকারের আরও একটি গরু নিয়ে হাটে আসেন উপজেলার খরিঞ্চা গ্রামের মতিউর রহমান। তিনিও তার গরুর দাম চাইছেন সাড়ে ৫ লাখ টাকা।

হাটে ১০টি গরু নিয়ে আসা ব্যাপারী ঝিকরগাছার মধুখালী গ্রামের সনৎ দাসের দাবি, গরু দাম কম। আজকের হাটে যে দাম, তাতে বিক্রি করলে তার লস হবে।

আরও কয়েক জন গরুর মালিক জানান, ক্রেতারা যে দাম বলছে, তাতে তাদের গরুর পেছনের খরচই উঠবে না।

এদিকে, ক্রেতারা বলছেন, ক্রয় ক্ষমতার মধ্যে গরু খুঁজতে বেগ পেতে হচ্ছে তাদের।  

যশোর শহরের ইসলাম প্রায় দেড় ঘণ্টা হাটে অবস্থান করে তবেই নিজের সাধ্যের মধ্যে গরু কিনতে পেরেছেন।

তিনি বলেন, “শুরুতেই দাম অনেক বেশি চাইছে। গত বছরের চেয়ে একটু বেশি দামেই কিনতে হল একটি গরু।”

চৌগাছা হাটের ইজারাদার ও পৌরসভার প্যানেল মেয়র আনিসুর রহমান বলেন, “আর ৫ দিন পর কোরবানির ঈদ। হাতে সময় কম। তাই প্রতিদিনই হাট বসছে চৌগাছায়। হাটে ক্রেতা-বিক্রেতার যাতে কোনো ভোগান্তি না হয় সেই ব্যবস্থা করা হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন।”

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, “যশোরে এ বছর কোরবানি উপলক্ষে চাহিদার তুলনায় বেশি গরু রয়েছে। এ জেলার গরু যাচ্ছে জেলার বাইরেও।”