২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বরিশালে ভাবিকে কুপিয়ে হত্যায় দেবরের মৃত্যুদণ্ড

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২০১৪ সালের ২৮ জানুয়ারি বিলকিস মারা যান।

বরিশালে ভাবিকে কুপিয়ে হত্যায় দেবরের মৃত্যুদণ্ড
বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 04:12 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

বরিশালে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভাবিকে কুপিয়ে হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা এই রায় দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মো. সবুজ।  

দণ্ডপ্রাপ্ত আলম শরীফ বরিশাল সদর উপজেলার উত্তর কড়াপুর এলাকার বাসিন্দা লতিফ শরীফের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার নথির বরাতে বেঞ্চ সহকারী সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত বিলকিস বেগম ছিলেন সৌদি আরব প্রবাসী হালিম শরীফের স্ত্রী। দেবর আলম শরীফ প্রায়ই তাকে অনৈতিক প্রস্তাব দিতেন। কিন্তু বিলকিস তাতে রাজি হননি। 

২০১৩ সালের ১২ ডিসেম্বর নগরীর কাশিপুর চহুতপুর শেরে বাংলা সড়কে নিজেদের নির্মাণাধীন শরীফ ম্যানশনে যান বিলকিস বেগম। তখন  দেবর আলমসহ অজ্ঞাত কয়েকজন সেখানে আসে। 

এ সময় আলম ভাবী বিলকিসকে অনৈতিক প্রস্তাব দেন। তাতে রাজী না হওয়ায় বিলকিসকে মারধর করা হয়, পরে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় আলম। 

গুরুতর জখম বিলকিসকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৪ সালের ২৮ জানুয়ারি বিলকিস মারা যান। 

এ ঘটনায় বিলকিসের বাবা মফিজউদ্দিন হাওলাদার বাদী হয়ে আলমসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা করেন। 

পরে ২০১৪ সালের ৩০ নভেম্বর মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার এসআই সুলতান আহমেদ শুধুমাত্র আলম শরীফকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। 

দীর্ঘ বিচার চলাকালে ১৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। 

পরে বৃহস্পতিবার বিচারক মৃত্যু না হওয়া পর্যন্ত আলম শরীফকে ফাঁসিতে ঝুলিয়ে রাখার রায় দেন।