১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পর্দায় সেলিম-জাভেদ জুটি! নেপথ্যে পুত্র-কন্যারা

সেলিম খানের ছেলে নায়ক সালমান খান এবং জাভেদ আখতারের পুত্র-কন্যা পরিচালক অভিনেতা ফারহান আখতার ও যোইয়া আখতার এই তথ্যচিত্রটি নির্মাণ করছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 01:34 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

বলিউডের অন্যতম জুটি সেলিম খান এবং জাভেদ আখতার। যাদেরকে কখনো পর্দায় দেখা যায়নি। কিন্তু নেপথ্যে থেকে হিন্দি সিনেমার ইতিহাস গড়েছেন তারা। এবার তাদের নিয়ে তথ্যচিত্র নির্মাণে হাত মিলিয়েছেন তাদের ছেলেমেয়েরা।

পিংকভিলা বলছে, সেলিম খানের ছেলে নায়ক সালমান খান এবং জাভেদ আখতারের ছেলে পরিচালক-অভিনেতা ফারহান আখতার ও মেয়ে যোইয়া আখতার এই তথ্যচিত্রটি নির্মাণ করছেন।

‘অ্যাংরি ইয়ং ম্যান’ নামে এই তথ্যচিত্রে নাকি এমন সব ভিডিও ও ছবি থাকবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি। 

সেলিম খান ও জাভেদ আখতার এক সময়কার খুবই ঘনিষ্ঠ সহকর্মী। এই দুজনকে একসঙ্গে ডাকা হতো সেলিম-জাভেদ। 

এই জুটি একসঙ্গে কিছু ক্ল্যাসিক সিনেমার চিত্রনাট্য লিখেছেন। ‘শোলে’, ‘ইয়াদো কি বরাত’, ‘জঞ্জির’, ‘দিওয়ানা’, ‘ত্রিশুল’, ‘কালা পাথার’, ‘দোস্তানা’, ‘সীতা ঔর গীতা’, ‘মিস্টার ইন্ডিয়া’, ‘ডন’র মত বলিউডের ২৪টি কালজয়ী সিনেমার চিত্রনাট্য এই দুজনের লেখা। 

বিশেষ করে অমিতাভ বচ্চনের উত্থানের নেপথ্যে এই জুটির অবদান সবচেয়ে বেশি বলে মনে করা হয়।

তাদের লেখালেখির না শোনা গল্প এবং খুঁজে খুঁজে আইকনিক চরিত্র তৈরি করাসহ খুঁটিনাটি আরও অনেক কিছু এই তথ্যচিত্রের একটি অংশ হবে। সাক্ষাত্কার, আর্কাইভ করা ভিডিও এবং ছবির মাধ্যমে তৈরি তথ্যচিত্রে এই দুজনের কর্মজীবনকে প্রকাশ্যে আনবে। কিভাবে তাদের হাত ধরে একের পর এক কালজয়ী ছবি তৈরি হয়েছে, সবকিছুরই বর্ণনা থাকবে তাতে। 

পিংকভিলা বলছে, এই তথ্যচিত্রটি কেবল কিংবদন্তি জুটিকেই সম্মান জানানোর জন্য তৈরি হচ্ছে না। চলচ্চিত্র নির্মাতাদের জন্যেও এটি শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক কাজ হবে আশা করা হচ্ছে।