২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আহত দুই শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিহতদের স্বজনের আহাজারি।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 02:07 AM

Updated : 26 Aug 2026, 09:36 AM

গোপালগঞ্জের দুই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার সন্ধ্যায় ও রাতে গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।

নিহতরা হলেন, সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া গ্রামের বাবু শেখের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র রামিম শেখ (১০) ও কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে জুয়েল মোল্লা (৪২)। জুয়েল ইমাদ পরিবহনের সুপারভাইজার ছিলেন। 

আহত হয়েছেন, গোপালগঞ্জ মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস (৫৭) এবং এমএইচখান কলেজের শিক্ষক বাবুল সরকার (৪৮)। 

ওসি জানান, সন্ধ্যায় সদর উপজেলার চাপাইল সড়কে ট্রলির নিচে চাপা পড়ে মারাত্মক আহত হয় স্কুলছাত্র রামিম শেখ।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যায় রামিম।

অন্যদিকে, রাত সাড়ে ৮টার দিকে কাশিয়ানী থেকে মোটরসাইকেলে পিনাকী রঞ্জন দাস, বাবুল সরকার ও জুয়েল মোল্লা জেলা শহরে আসছিলেন। 

শহরের কাছেই হরিদাসপুর এলাকায় পৌছালে তাদের মোটরসাইকেলটিকে সেতু পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ছিটকে পড়ে তিনজনই মারাত্মক আহত হন।

তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মোল্লা মারা যান। 

আহত দুই শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।