১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনআইডি সেবা: ইসিতে রাখার দাবিতে নরসিংদীতে কর্মবিরতি

সারাদেশে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এনআইডি সেবা: ইসিতে রাখার দাবিতে নরসিংদীতে কর্মবিরতি
জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে কর্মবিরতি পালন করেছেন নরসিংদী জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2025, 01:20 PM

Updated : 26 Aug 2026, 12:01 PM

জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম নির্বাচন কমিশনে রাখার দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালনসহ মানববন্ধন করেছে নরসিংদী জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয়ের সামনে মানববন্ধন পালন করেন তারা। 

এর আগে সারাদেশে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি তুলে ধরেন বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

সেখানে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত নির্বাচন কমিশন-ইসি কর্মীরা সারাদেশে নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান নেবেন।

নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা শাহিন আকন্দের নেতৃত্বে জেলা ও ছয় উপজেলার নির্বাচন কর্মকর্তা এবং কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে কর্মকর্তারা জানান, ২০০৭ সাল থেকে নিরবচ্ছিন্ন ভাবে দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র সেবা দিয়ে আসছে বাংলাদেশ নির্বাচন কমিশন। হঠাৎ করেই সরকারি সিদ্ধান্তে এই পরিষেবাকে স্বাধীন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যার ফলে নতুন কাঠামো তৈরিসহ অন্যান্য সরকারি অর্থ ব্যয় হওয়ার পাশাপাশি সেবার মান নিম্নমুখী হবে। 

তাই সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা। অন্যথায় কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় রেখে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা

আরও পড়ুন:

এনআইডি সেবা: ইসিতে রাখার দাবিতে সারাদেশে বৃহস্পতিবার অবস্থান

ইসির মতামত ছাড়া এনআইডি 'অন্য কোথাও' যাবে না, মনে করেন সিইসি

এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে কর্মীদের অবস্থান