রূপগঞ্জে মশার কয়েল থেকে ঘরে আগুন: দগ্ধ ২ সহোদরের মৃত্যু
চার দিন আগের ঘটনায় দগ্ধ আরও চারজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি বাড়িতে মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে দগ্ধ একই পরিবারের ছয়জনের মধ্যে দুইজন মারা গেছে।
ঘটনার চার দিন পর মঙ্গলবার ভোরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানান হাসপাতালের আবাসিক সার্জন তরিকুল ইসলাম।
নিহত মো. সোহেল (২০) এবং ইসমাইল (১১) রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার মো. বাবুলের ছেলে। সোহেলের শরীরের ৭০ শতাংশ এবং ইসমাইলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ভোরে সোহেল মারা যান। কয়েক ঘণ্টা পর তার ছোট ভাই ইসমাইলের মৃত্যু হয়।
একই ঘটনায় বাবুল (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৮), মেয়ে তাছলিমা (৯) এবং সোহেলে স্ত্রী মুন্নী (১৮) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে ডহরগাঁও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান।
তিনি জানান, শ্রমিক পরিবারটি একটি টিনসেড বাড়িতে থাকতেন। রাতে ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন তারা। সেই কয়েল থেকে বিছানায় আগুন লাগে। সবাই ঘুমিয়ে থাকায় আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ছয়জন দগ্ধ হন।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকায় পাঠায় বলে জানান পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।
