২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

কারখানায় আগুন-বিস্ফোরণে নিহত ৭: প্রীটি গ্রুপের ১৮ জনের বিরুদ্ধে মামলা

তদন্তের স্বার্থে পুলিশ আপাতত আসামিদের নাম-পরিচয় প্রকাশ করছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 06:14 PM

Updated : 22 Sep 2026, 06:14 PM

সাভারের আশুলিয়ায় প্রীটি গ্রুপের ‘এস সুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ চত্বরে সিলিন্ডারবাহী গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, সোমবার মধ্যরাতে এসআই আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন।

তিনি বলেন, মামলায় প্রীটি গ্রুপের ছয়জন কর্মকর্তার নাম দিয়ে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ আপাতত আসামিদের নাম-পরিচয় প্রকাশ করছে না এবং এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে জিরাবো ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত পৌনে ১২টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। কারখানা প্রাঙ্গণে থাকা সাত-আটটি সিলিন্ডারবাহী গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলে লরির ভেতর থেকে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদের মধ্যে একজন চালকের আসনে বাসা অবস্থাতেই দগ্ধ হয়ে মারা যান। সবার শরীর ভয়ানকভাবে পুড়ে গেছে।

বিস্ফোরণের পর সিলিন্ডারের ছিটকে আসা অংশের আঘাতে রাস্তার কাপড়ের দোকানি মোছাম্মত জয়নব বেগম (৫৫) ঘটনাস্থলেই মারা যান।

মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুলবুল নামের আরও একজন মারা যান। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় সাতজনে।

আহত হয়েছেন অন্তত ১৬ জন। আহতদের মধ্যে পরিবহন শ্রমিক, পথচারী, আনসার সদস্য রয়েছেন। তাদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন দুটি তদন্ত কমিটি করেছে।