সিরাজগঞ্জে ‘অস্ত্র-গুলিসহ ডাকাত’ গ্রেপ্তার
ডাকাতির অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
সিরাজগঞ্জে ‘অস্ত্র-গুলি’সহ যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যাকে আন্তঃজেলা ডাকাত দলের একজন বলছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন জানান।
এসময় একটি পিস্তল, সাতটি গুলি, একটি ম্যাগাজিন, দুটি মোটরসাইকেল ও একটি টিভি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাহবুব খান (৩২) কামারখন্দ উপজেলার বাগবাড়ি লাহিড়ীবাড়ির বাসিন্দা।
ওসি একরামুল হোসাইন বলেন, ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে অস্ত্র-গুলিসহ ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এসআই রুবেল মিয়া সলঙ্গা থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার মাহবুব খানের বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় আরো আটটি ডাকাতি মামলা রয়েছে বলে ওসি একরামুল হোসাইন জানান।
