২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের মজুরি বাড়ল, পঞ্চগড়ে পাথর ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

পাথর-বালু তোলা শ্রমিকদের মজুরি প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 10:54 PM

Updated : 30 Aug 2022, 10:54 PM

পঞ্চগড়ে শ্রমিকদের মজুরি বাড়ানোর পাশাপাশি পাথর-বালু ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে পাথর-বালু লোড-আনলোড শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, “সোমবার জেলা প্রশাসক সংকট নিরসনে আমাকে নিয়ে তিন সদস্যের কমিটি করে দেন। শ্রমিকদের কর্মশূন্যতা দূর করতে ও স্থবির থাকা অবকাঠামোর নির্মাণ কাজ শীঘ্রই শুরু করাতে আমরা নানামুখী তৎপরতা চালাই‌।”

এর অংশ হিসেবে সোমবার গভীর রাতে তেঁতুলিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান আনোয়ার।

তিনি জানান, বৈঠকে অভিযোগ ও পাল্টা অভিযোগ শেষে দরকষাকষি করে শ্রমিকদের আগের মজুরি প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হলে সংশ্লিষ্ট সবাই একমত হন।

মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল লতিফ বলেন, শ্রমিকদের দাবি যে ন্যায্য ছিল সেটা প্রমাণ হয়েছে। এতে দুর্মূল্যের বাজারে প্রায় ১০ হাজার শ্রমিক একটু হলেও মুক্তি পাবে।

তিনি আও বলেন, “প্রতি ঘনফুটে ১ টাকা ১০ পয়সা বৃদ্ধি পাওয়া আমাদের জন্য অনেক কিছু। এজন্য শ্রমিকরা সকাল থেকে উৎফুল্ল মনে কাজে ফিরেছেন।”

সভায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঈয়াছিন আলী মন্ডল, পাথর-বালু ব্যবসায়ী যৌথ ফেডারেশনের সভাপতি হাসিবুল হক প্রধান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী, জেলা ট্রাক ট্রাক্টর ট্যাংকলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি জসিদুল ইসলাম জসিম উপস্থিত ছিলেন।

ট্রাকে পাথর-বালি লোড-আনলোড করতে শ্রমিকরা আলোচনা ছাড়াই মজুরি বৃদ্ধি করে দেওয়ার পর পাথর-বালু ব্যাবসায়ী যৌথ ফেডারেশনের নেতৃবৃন্দ অনির্দিষ্টকালের জন্য পাথর বালি ক্রয়-বিক্রয় বন্ধ ঘোষণা করেন। এতে এ কাজে জড়িত প্রায় ১০ হাজার শ্রমিক হঠাৎ বেকার হয়ে পড়েন।