১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মৌলভীবাজার সীমান্তে গুলিতে কিশোরীর মৃত্যু

পুলিশ জানিয়েছে, নিহত কিশোরীর লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তারা লাশ হস্তান্তর করেনি।

মৌলভীবাজার সীমান্তে গুলিতে কিশোরীর মৃত্যু
ফাইল ছবি: রয়টার্স

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2024, 04:41 PM

Updated : 26 Aug 2026, 10:24 AM

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক কিশোরী মারা গেছেন। তার লাশ নিয়ে গেছে বিএসএফ।  

রোববার রাতের এ ঘটনা সোমবার রাতে ভারতীয় কিছু গণমাধ্যমে প্রচার হলে নিহতের বিষয়টি জানা যায়। তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে- বিজিবির গুলিতে ওই কিশোরী নিহত হয়েছেন।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, রোববার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন।  

ওসি আরও বলেন, ঘটনার পর সোমবার দুপুরে নিহত কিশোরীর লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত তারা লাশ হস্তান্তর করেনি।

নিহত স্বর্ণা দাস জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে এবং জুড়ী নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পরেন্দ্র দাস বলেন, সোমবার সন্ধ্যার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের একটি দল তাদের বাড়িতে এসে তার মেয়ের মৃত্যুর এ খবর দেয়। 

তিনি বলেন, তাদের চার ছেলে-মেয়ের মধ্যে এক ছেলে দীর্ঘদিন ধরে ভারতের ত্রিপুরায় থাকেন। ছেলেকে দেখতে তার স্ত্রী সঞ্জিতা দাশ ছোট মেয়ে স্বর্ণাকে সঙ্গে নিয়ে রোববার রাতে স্থানীয় এক দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার চেষ্টা চালিয়েছিলেন। 

নিহত কিশোরীর মা সঞ্জিতা দাশ বলেন, তারা কয়েকজন রাত ৯টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে ছোড়া এলোপাতাড়ি গুলির শব্দ পান। 

এতে তার মেয়ে স্বর্ণা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। গুলি থামার পর তিনিসহ বাকিরা লালারচক গ্রামের একটি বাড়িতে ঢুকে আশ্রয় নেন।

এসময় আরও দুজন গুলিতে আহত হওয়ার কথা তিনি জানালেও তা নিশ্চিত হওয়া যায়নি। 

এ ব্যাপারে জানতে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক মিজানুর রহমান শিকদারের সঙ্গে একাধিকবার যোগাযাগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।