১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিবিয়ায় জিম্মি সন্তান, ফিরে পাওয়ার দাবি ২৪ পরিবারের

শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই দাবি জানান।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 07:24 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

লিবিয়ায় জিম্মিদশা থেকে স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানিয়েছে শরীয়তপুর ও মাদারীপুরের ২৪ পরিবার।

রোববার দুপুর ১২টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই দাবি জানান। এ সময় তারা স্বজনদের ফিরে পেতে কান্নায় ভেঙে পড়েন।

মানববন্ধনে পরিবারের সদস্যরা জানান, পরিবারের সচ্ছলতা ফেরাতে মার্চ মাসে দালালের মাধ্যমে ইতালির উদ্দেশে পাড়ি জমায় শরীয়তপুরের ১৯ জন ও মাদারীপুরের পাঁচজন। পরে তাদের ইতালি পৌঁছানোর কথা বলে লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। 

একপর্যায়ে তাদের জিম্মি ও নির্যাতন করে ভিডিও পাঠিয়ে বেশ কয়েক দফায় লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এরপরও তাদের মুক্তি দেওয়া হয়নি।

এ ঘটনায় মামলা করলে উল্টো ভুক্তভোগী পরিবারকে ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত মানবপাচারকারীদের জিম্মিদশা থেকে স্বজনদের মুক্তি ও টাকা ফেরতের দাবি জানিয়েছেন তারা।

ভুক্তভোগী শাজাহান হাওলাদারের মা মেহেরজান বলেন, “আমার সন্তান বেঁচে আছে, নাকি মরে গেছে কিছুই জানি না। দালাল মিথ্যা প্রলোভন দেখিয়ে আমার সন্তানকে লিবিয়ায় আটকে রেখেছে। ভিটাবাড়ি ও জমিজমা বিক্রি করে তাদের টাকা দিয়েছি। কিন্তু এরপরও তারা আমার সন্তানকে ছাড়েনি। আমি আমার সন্তানকে ফেরত চাই।”

লিবিয়ায় আটকে থাকা এক যুবকের বাবা চুন্নু ভূঁইয়া বলেন, “মাফিয়ারা কয়েক দফায় ২৮ লাখ টাকা নিয়েছে। আমি সহায়-সম্বল বিক্রি করে তাদের হাতে টাকা দিয়েছি। কিন্তু এখনো জানি না আমার ছেলে লিবিয়ায় কী অবস্থায় আছে। আমি দালালদের বিরুদ্ধে মামলা করেছি। ছেলেকে ফেরত চাই আর দালালের বিচার চাই।”

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “মামলার বিষয়টি আমি শুনেছি। আদালতের মাধ্যমে মামলাগুলো হচ্ছে। এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”