চাঁদপুরে খাল থেকে রিকশা চালকের লাশ উদ্ধার
রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দুলালের মাথায় আঘাত করে খালে লাশ ফেলে রিকশা নিয়ে পালিয়ে যায় বলে ধারণা পুলিশের।
চাঁদপুরের সদর উপজেলায় খাল থেকে এক ব্যাটারিচালিত রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের একটি খালে মরদেহটি পাওয়া যায় বলে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত জানান।
নিহত দুলাল হাওলাদার (৬৫) ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তিনি তার স্ত্রী এবং চার মেয়ে ও এক ছেলে নিয়ে চাঁদপুর শহরের ভাড়া বাসায় বসবাস করতেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা দুলালের মাথায় আঘাত করে খালে লাশ ফেলে রিকশা নিয়ে পালিয়ে যায়।
সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
