জাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ১৩৬ জন
ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব জানান, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে দুই লাখ ৪৯ হাজার ৮৫৭টি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৩৬ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব আবু হাসান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে দুই লাখ ৪৯ হাজার ৮৫৭টি।
আবেদনকারীদের মধ্যে এক লাখ ৩৪ হাজার ৫০৭ জন পুরুষ এবং এক লাখ ১৫ হাজার ৩৫০ জন নারী শিক্ষার্থী আছেন।
তিনি বলেন, এবার ‘এ’ ইউনিটে ৪৪৬টি আসনের বিপরীতে ৬১ হাজার ৮৬৪ জন, ‘বি’ ইউনিটে ৩৮৬ আসনের বিপরীতে ৪১ হাজার ৪৬৯ জন, ‘সি’ ইউনিটে ৩৮৮টি আসনের বিপরীতে ৪১ হাজার ৪৫৫ জন, ‘সি-১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে ৫ হাজার ৬৫ জন, ‘ডি’ ইউনিটে ৩১০ আসনের বিপরীতে ৭৬ হাজার ৬৪ জন, ‘ই’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে ১৮ হাজার ৯৭ জন এবং ‘আইবিএ’-তে ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন পাঁচ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী।
এর আগে ৯ মে থেকে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলে।
এবার ভর্তি পরীক্ষা ১৮ জুন থেকে ২২ জুন এবং চারুকলা বিভাগের (সি-১ ইউনিট) ব্যবহারিক পরীক্ষা ২৫ ও ২৬ জুন অনুষ্ঠিত হবে বলে ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব আবু হাসান জানান।
