ভর্তি পরীক্ষা: ইউজিসির সিদ্ধান্ত কেন উপেক্ষা করছে ঢাবি?
“কোনো মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হবে না।”
এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সেই সিদ্ধান্ত উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন পূর্বঘোষিত সময়েই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই প্রশ্ন সামনে আসছে।
সোমবার বিকালে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি জরুরি সভা করে ‘যথাসময়ে’ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেয়।
এর কয়েক ঘণ্টা আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে মতবিনিময় সভা করে ইউজিসি।
সভা শেষে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এক লিখিত বক্তব্যে বলেন, “সভায় আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি ২০২৭ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার বিষয়ে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
“আর আগামী ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।”
পরীক্ষা পেছানোর যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যাতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে, সেই সুযোগ দিতে পরীক্ষা পেছানো হয়েছে।
“আগামী ৩১ ডিসেম্বরের পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে।”
ইউজিসির এ সভায় অংশ নেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। সেই সভার সিদ্ধান্ত আসার কয়েক ঘণ্টার মধ্যে জরুরি বৈঠক করে আগের সূচিতে থাকার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
গত ২ অগাস্ট ভর্তি কমিটির এক সভায় ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এজন্য ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করছে? এ প্রশ্নের উত্তরে শিক্ষালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, সেশনজটের আশঙ্কায় ‘যথাসময়ে’ ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
“আমরা কোভিডের কারণে প্রায় এক থেকে দেড় বছর পিছিয়ে পড়েছি। সেটা ওভার করতে আমাদের চার বছর লেগেছে। এখন আমরা যদি আবার ভর্তি পরীক্ষা নিতে প্রায় তিন মাস পিছিয়ে দেই, তাহলে আবার সেশনজট সৃষ্টি হবে। ফলে ভর্তি পরীক্ষা পেছালে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার আগের পরিস্থিতিতে পড়বে।”
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে, যার ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর।
অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, “সেখানে যারাই পুনঃনিরীক্ষা করে পাস করে বের হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা পূরণ করলেই তারা আবেদন করতে পারবে।
“এক্ষেত্রে আমরা তাদের নিরীক্ষণের ফলাফল প্রকাশের পর আরও দুদিন সময় পাবে আবেদন করার জন্য। এজন্য আমরা মনে করি, কোনো মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হবে না।”
আবেদনের যোগ্যতা অপরিবর্তিত
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ২০০৪ সালের পর সবচেয়ে বাজে হলেও ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা আগের মতোই রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত শিক্ষাবর্ষের মতো এবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার জিপিএর যোগফল এবং পৃথক পরীক্ষার ন্যূনতম জিপিএর শর্ত পূরণ করতে হবে।
বিজ্ঞান ইউনিটে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দুই পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) জিপিএর যোগফল কমপক্ষে ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে।
উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরাও এ ইউনিটে আবেদন করতে পারবেন। তাদের দুই পরীক্ষায় জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩ থাকতে হবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আবেদনের জন্য মানবিক বিভাগের শিক্ষার্থীদের দুই পরীক্ষায় জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩ থাকতে হবে।
এ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দুই পরীক্ষায় জিপিএর যোগফল কমপক্ষে ৮ এবং আলাদাভাবে ৩.৫ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদনের জন্য ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের দুই পরীক্ষায় জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে।
এ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএর যোগফল কমপক্ষে ৮ এবং আলাদাভাবে ৩.৫ থাকতে হবে। মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএর যোগফল কমপক্ষে ৭.৫ এবং আলাদাভাবে ৩ থাকতে হবে।
চারুকলা ইউনিটে আবেদনের জন্য দুই পরীক্ষায় জিপিএর যোগফল কমপক্ষে ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩ থাকতে হবে।
ভর্তি যোগ্যতা অপরিবর্তিত রাখার কারণ কী, এমন প্রশ্নে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “প্রথমত, আমাদের চাহিদার তুলনায় অনেক বেশি শিক্ষার্থী আবেদন করে। এবারও পাস করা শিক্ষার্থীদের মধ্যে আমাদের আবেদন শর্ত পূরণ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। তাই আমরা এ জায়গায় আর পরিবর্তন করিনি।
“দ্বিতীয়ত, যে পরিমাণ শিক্ষার্থী (ভর্তির জন্য) আবেদন করে তার ৯০ শতাংশ ফেল করে। ফলে ৪ লাখ ২০ হাজারের মতো যেসকল শিক্ষার্থী এক বা দুই বিষয়ে শিক্ষার্থী ফেল করেছে, তাদের অধিকাংশ অর্থাৎ দুই-একজন পরীক্ষা দিলে পাস করবে। বাকিরা ফেল করবে এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি।
“তাই কয়েকজন শিক্ষার্থীর জন্য পুরো প্রক্রিয়া থামিয়ে দেওয়া যায় না। তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা ও নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনো পরিবর্তন আনা হয়নি।”
ফল বিপর্যয়ে আবেদনে প্রভাব পড়বে কতটা?
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা কমতে পারে বলে ধারণা করছে সাধারণ ভর্তি কমিটি।
এ বছর ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৫৬ হাজার ১৪৯ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
ফল বিশ্লেষণে দেখা যায়, জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। জিপিএ ৪-এর বেশি পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭২০ জন।
জিপিএ ৩.৫ থেকে ৪-এর মধ্যে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮২৬ জন। আর জিপিএ ৩ থেকে ৩.৫-এর মধ্যে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২৭১ জন।
এ ছাড়া প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী জিপিএ ৩-এর নিচে পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের যোগ্যতার শর্ত অনুযায়ী, বিভিন্ন ইউনিটে আবেদনের জন্য আলাদা জিপিএর শর্ত পূরণ করতে হয়। ফলে ফল বিপর্যয়ের কারণে যোগ্য আবেদনকারীর সংখ্যা কমে আসতে পারে।
গত শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদনকারীর সংখ্যা বিশ্লেষণ করলেও প্রতিযোগিতার একটি চিত্র পাওয়া যায়।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৬১ জন।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ৭ হাজার ৭১২ জন। প্রতি আসনের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৩৭ জন।
ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৩৪ হাজার ৬২ জন। প্রতি আসনের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৩২ জন।
অন্যদিকে চারুকলা ইউনিটের আটটি বিভাগে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৫০ জন।
ফলে এবার এইচএসসির ফল বিপর্যয়ের কারণে ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা কতটা কমবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সাধারণ ভর্তি কমিটির সদস্য অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তা আসনের বিপরীতে প্রায় ৫০-৬০ এর কাছাকাছি। এক্ষেত্রে এবার হয়ত তা কমে সর্বনিম্ন ৪০ জনে আসতে পারে।
“এর চেয়ে কখনো কমবে না। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন চাহিদার চেয়েও অনেক বেশি। এর মধ্যে থেকেই আসল মেধাবীরা চান্স পাবে।”
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দেশসেরা বিশ্ববিদ্যালয়। আমরা যদি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং দেখি, কিউএসসহ সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণাসহ সবদিকে বাংলাদেশে সর্বোচ্চ মান ধরে রেখেছে।
“অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আগামী দিনেও ভালো করতে চায়, তাহলে এ স্ট্যান্ডার্ড ধরে রাখতে হবে।”
