ফরিদপুরে বিকাশ-নগদ ‘প্রতারক’ গ্রেপ্তার
পুলিশ জানানয়, তারা বিকাশ ও নগদ গ্রাহকদের পিন নম্বর সংগ্রহ করে অ্যাকাউন্টে থাকা অর্থ হাতিয়ে নিতেন।
ফরিদপুরের সদরপুর উপজেলায় চার ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন; যাদে বিকাশ ও নগদ প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উপজেলার মুন্সীরকান্দি এলাকায় শনিবার এ অভিযানে তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ১৪টি মোবাইল সিমকার্ড ও নগদ ৩৬০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন সদরপুর উপজেলার আফসার মুন্সীর কান্দি গ্রামের কামাল বেপারী (২৯), জাকির মাতুব্বর (২৫), মাসুদ সরদার (৪৭) ও সাকিল মাতুব্বর (২৩)।
রোববার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন এ কথা জানান।
ইমদাদ হুসাইন বলেন, শনিবার রাতে সদরপুর উপজেলার মুন্সীরকান্দি এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
“তারা বিকাশ ও নগদ গ্রাহকদের পিন নম্বর সংগ্রহ করে অ্যাকাউন্টে থাকা অর্থ হাতিয়ে নিতেন। এছাড়া নিজেদের বিকাশ কিংবা নগদ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তারা প্রতারণাও করতেন।”
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, ডিবির ওসি মো. রাকিবুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
