২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে ইমরান তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন ।

চাঁদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

চাঁদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। 

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2023, 08:50 PM

Updated : 02 Aug 2023, 09:36 PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাবাকে কুপিয়ে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) রনজিত রায় চৌধুরী।

দণ্ডিত ইমরান হোসেন আকবর (৪০) ওই উপজেলার সেতিনারায়নপুর গ্রামের বড় বাড়ীর ছেরাগ আলীর ছেলে।

মামলার বরাত দিয়ে পিপি রনজিত রায় চৌধুরী বলেন, ২০২০ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় পারিবারিক বিষয়ে বাবা ছেরাগ আলীর (৭৫) সঙ্গে কাটাকাটি হয় ইমরানে।

“এক পর্যায়ে ইমরান ধারালো দা দিয়ে তার বাবার মাথা, চোখ ও কানে কুপিয়ে মারাত্মক আহত করেন। এতে ঘটনাস্থলেই ছেরাগ আলীর মৃত্যু হয়।”

তিনি বলেন, ওই সময় তার মা ফুলমতি বেগম স্বামীকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও মেরে আহত করেন ইমরান। পরে পরিবারের লোকজন ফুলমতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আইনজীবী আরও বলেন, ওই সময় ছেরাগ আলীর মরদেহ উদ্ধার করতে পুলিশ আসলে ইমরান বাড়ি থেকে পালিয়ে যান।

পরে ছোট ভাই সোলেমান বাদী হয়ে ইমরানের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

তিনি বলেন, ওই বছরের ২ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আনিছুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচার কার্য শেষে আদালত এ রায় দেয়

রায়ে আদালত আসামি ইমরানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।