কুকুরের পাল কামড়ে বের করে ফেলে নাড়ি-ভুঁড়ি, পরে মৃত্যু
পুলিশ জানায়, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার পথে কুকুরের পাল তাকে কামড়ে পেটের নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কুকুরের কামড়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার ভোররাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে নান্দাইল মডেল থানার এসআই মো. সাহিদুল ইসলাম জানান।
নিহত ৪০ বছর বয়সী ইজাজুল ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে এসআই বলেন, ইজাজুলের মা-বাবা কেউ নেই; তিনি বিয়েও করেননি। চারানিপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থেকে এসিআই কোম্পানির মালামাল এক দোকান থেকে কিনে অন্য দোকানে বিক্রি করতেন।
তিনি বলেন, “ঘটনার সময় ইজাজুল বাসা থেকে বেরিয়ে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে কুকুরের পাল তাকে কামড়ে পেটের নাড়ি-ভুঁড়ি বের করে ফেলে। এছাড়া শরীরের বিভিন্ন অংশ কামড়ে ছিন্নভিন্ন করে।
“এ সময় এক নারী দেখতে পেয়ে লাঠি নিয়ে তাড়া করলে কুকুরের পাল চলে যায়। পরে ওই নারী আশপাশের লোকজনকে ডাকাডাকি করে নিয়ে আসার আগেই ইজাজুলের মৃত্যু হয়।”
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ইজাজুলের লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে এসআই সাহিদুল জানান।
