১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিএনপি নেতার গোয়ালঘরে মিলল ১৩ চোরাই গরু

১৪ মার্চ গভীর রাতে নওগাঁর আত্রাই থানার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের বাড়ির থেকে আটটি গরু চুরি হয়।

বিএনপি নেতার গোয়ালঘরে মিলল ১৩ চোরাই গরু
নওগাঁর আত্রাই থেকে গরু চুরিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছোটন প্রামাণিককে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 06:38 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া গরুর সন্ধানে অভিযান চালিয়ে বগুড়ার এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে নওগাঁর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সাফিউল সারোয়ার। 

এছাড়া গরু চুরিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছোটন প্রামাণিককে (২৭)। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ১৪ মার্চ গভীর রাতে আত্রাই থানার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়।  

এ ঘটনায় মামলার পর থেকেই জেলা পুলিশের একাধিক বিশেষ দল অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার আত্রাই থানা পুলিশ চুরির ঘটনায় জড়িত ছোটন প্রামাণিককে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন প্রামাণিক চুরির কথা স্বীকার করেন এবং গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেন। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়নে যৌথ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আত্রাই থানা পুলিশ।  

চোরাই গরু উদ্ধারের পর সংবাদ সম্মেলন করেন নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার। 

চোরাই গরু উদ্ধারের পর সংবাদ সম্মেলন করেন নওগাঁর পুলিশ সুপার সাফিউল সারোয়ার।

পুলিশ সুপার সাফিউল সারোয়ার বলেন, অভিযানে কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের বাড়ির গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। যার মধ্যে পাঁচটি গরু আত্রাই থেকে চুরি হওয়া। 

তবে বিএনপি নেতা আব্দুল গফুর শাহকে এখনও আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ সুপার। 

এ বিষয়ে কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্লে হোসেন আজাদ বলেন, এর মধ্যেই কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহকে দল থেকে বহিষ্কারের সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার আরও বলেন, গ্রেপ্তার হওয়া ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আগেও আরেকটি চুরির মামলা আছে। তিনি বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ আশপাশের এলাকায় গরু চুরির মূল হোতা ছিলেন। 

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার সাফিউল সারোয়ার।