১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খুলনায় চলছে ট্যাংক লরি শ্রমিকদের কর্মবিরতি, ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ

এক শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার থেকে তারা কর্মবিরতি পালন করছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2025, 08:37 PM

Updated : 10 Sep 2026, 12:31 PM

খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মত কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। 

এতে খুলনার তিনটি ডিপো থেকে উত্তোলন এবং খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৫ জেলায় তেলের সরবরাহ বন্ধ আছে।

তবে কর্মবিরতির প্রভাব এখনো নগরের ফিলিং স্টেশনগুলোতে পড়েনি।  

ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের খুলনা বিভাগীয় নেতারা বলেন, রোববার দুপুরে বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গোয়েন্দা পুলিশ আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে। 

পুলিশ বলছে, গত বছরের ২১ অগাস্ট নগরের খালিশপুর থানাধীন ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা একটি মামলার আসামি তিনি।

আজিমকে গ্রেপ্তারের পরপরই কর্মবিরতি পালন করছেন খুলনা তিনটি তেল ডিপোর শ্রমিকরা। 

ফলে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৫ জেলায় তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়।

খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে সোমবারও সকাল থেকে খালিশপুরে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন শ্রমিকরা। 

পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংক লরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, “আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার থেকে ট্যাংকলরি শ্রমিকরা তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগের ১০ ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলায় পরিবহন বন্ধ করে দেন। সোমবারও পরিস্থিতি একই রকম রয়েছে।”

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাদের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে মীর মোকসেদ বলেন, “তার জামিন না হলে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করবেন না।”

খালিশপুর থানা পুলিশ জানায়, গত বছরের ২১ অগাস্ট ওই থানাধীন ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেনসহ ৭৫ জনের বিরুদ্ধে মামলা হয়। 

৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস শেখ বাদী হয়ে মামলাটি করেন। এতে বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমও আসামি। ওই মামলায় রোববার আজিমকে গ্রেপ্তার করা হয়।