১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণহত্যাকারী’ দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে: জোনায়েদ সাকি

জুলাই গণঅভ্যুত্থানের ‘ক্রেডিট’ নিয়ে টানাটানি চলছে বলে মন্তব্য করে তিনি।

‘গণহত্যাকারী’ দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে: জোনায়েদ সাকি
সোমবার ময়মনসিংহে এক অনুষ্ঠানে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 08:57 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

‘গণহত্যাকারী’ দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, “গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের বিচারের পাশাপাশি আইন প্রণয়ন করে হলেও দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।” 

সোমবার ময়মনসিংহের একটি রেস্তোরাঁয় গণসংহতি আন্দোলনের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের ‘ক্রেডিট’ নিয়ে টানাটানি চলছে মন্তব্য করে জোনায়েদ সাকি বলেন, “একদল ক্রেডিট নিজেদের দখলে নিতে চায়। ৫ অগাস্টের পরে বিভাজন সৃষ্টি করা হচ্ছে, ট্যাগিং করা হচ্ছে ফ্যাসিস্টের কায়দায়। এতে পুরনো ফ্যাসিস্টদের পুনর্জাগরণের পথ তৈরি হবে। যারা বিভাজন তৈরি করবে তাদের শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে।”

তিনি বলেন, “সংবিধান সংস্কারের জন্য সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন দিতে হবে। এমন কোনো ভূমিকা নেওয়া যাবে না যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয়। কেউ বলছেন সংস্কার, কেউ বলছেন নির্বাচন; অথচ কথা ছিলো সংস্কার ও নির্বাচন হবে একসঙ্গে।” 

গণসংহতি আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রাজিবের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বিএনপির দক্ষিণ জেলা শাখার সদস্যসচিব রুকনুজ্জামান রোকন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জেলা নাগরিক ঐক্যের সদস্যসচিব হাতেম রানা, গণঅধিকার পরিষদের নেতা রাহাত জাহান হোসেন, আলী ইউসুফ, আবুল কালাম আল আজাদ।