হবিগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যায় স্বামীসহ ৫ জনের মৃত্যুদণ্ড
২০১৬ সালে এক লাখ টাকা যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা আয়েশাকে মারপিট করে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যৌতুকের দাবিকে অন্তঃসত্ত্বা এক নারীকে হত্যার দায়ে তার স্বামী, শাশুড়িসহ পরিবারের পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল হক বৃহস্পতিবার চার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে বাদীপক্ষের আইনজীবী আবুল মনছুর জানান ।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হত্যার শিকার আয়েশা আক্তারের স্বামী, চুনারুঘাটের সাদেকপুর গ্রামের রাসেল মিয়া (২৫), তার মা তাহেরা খাতুন (৬০), দুই বোন হুসনা আক্তার (২৮) ও রুজি বেগম (৩৫) এবং ভাই কাউছার মিয়া (৩৭)। তাদের মধ্যে কাউছার পলাতক।
মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের সবাইকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর ১ লাখ টাকা যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা আয়েশা আক্তারকে বেধড়ক পেটায় তার স্বামী রাসেল মিয়াসহ শ্বশুরবাড়ির লোকজন। মারপিটের এক পর্যায়ে মারা যায় আয়েশা।
পরদিন আয়েশার বাবা আব্দুল সাত্তার চুনারুঘাট থানায় রাসেলকে প্রধান আসামি করে তার পরিবারের পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার পাঁচজনকে দোষী সাব্যস্ত করে রায় দিল।
রায়ের পর আসামি পক্ষের আইনজীবী এম এ মজিদ বলেন, “আমরা রায়ে অসন্তুষ্ট। উচ্চ আদালতে আপিল করা হবে।”
