শরীয়তপুরে খেলতে গিয়ে ডোবায় ডুবে ২ বোনের মৃত্যু
হাসিবা ও হামিদা বাড়ির সামনে ডোবায় পা পিছলে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোসাইরহাট থানার ওসি মো. আসলাম সিকদার।
নিহত শিশুরা হলো- ওই এলাকার বারেক চৌধুরীর মেয়ে হাসিবা (৭) হামিদা (৩)।
স্থানীয়দের বরাতে নলমুড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মনির সরদার বলেন, সকাল ৭টার দিকে হাসিবা ও হামিদা বাড়ির পাশে খেলতে যায়। বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের লোকজন।
এক পর্যায় বাড়ির পাশে ডোবা থেকে প্রথমে হামিদাকে ভাসমান অবস্থায় এবং পরে হাসিবাকে পানির নীচ থেকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।
হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. কামাল হোসেন জানান।
হাসিবা ও হামিদা খেলতে গিয়ে বাড়ির সামনে ডোবায় পা পিছলে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান ওসি আসলাম।
