২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু

মাগুরা যাওয়ার পথে ছোট ব্রিজ এলাকায় তারা হাইওয়েতে উঠলে একটি বাস তাদের চাপা দেয়।

মাগুরায় বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু

মাগুরা ২৫০ সদর হাসপাতালের মর্গের সামনে স্বজনদের ভিড়।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2022, 01:57 PM

Updated : 18 Oct 2022, 02:28 PM

মাগুরা সদরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের ছোট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান। 

নিহতরা হলেন- লিমন মণ্ডল (২৬) ও ওয়াসিম (২৭)। 

লিমন মাগুরা সদরের লাঘবদাইড় ইউনিয়নের মাঝাইল গ্রামের আলতাফ মণ্ডলের ছেলে এবং ওয়াসিম মাগুরা সদরের পারনান্দুয়ালী গ্রামের আহমদ হোসেনের ছেলে। 

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ সর্দার জানান, সকালে লিমন ও ওয়াসিম কাজের উদ্দেশে মাঝাইল থেকে মাগুরা শহরে যাচ্ছিলেন। পথে ছোট ব্রিজ এলাকায় তারা হাইওয়েতে উঠলে ঝিনাইদহ থেকে মাগুরামুখী পূর্বাশা পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। 

এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাদের মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।