২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার হুমকি’, পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ

পুলিশ বলছে, তারা অভিযোগ তদন্ত শেষে ব্যবস্থা নেবে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2022, 04:22 PM

Updated : 03 Aug 2022, 04:42 PM

গোপালগঞ্জে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার হুমকি দেওয়ায় এক গৃহবধূ পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

জেলার কাশিয়ানী উপজেলায় ধোপড়া গ্রামের দুলাল বালার বিরুদ্ধে মঙ্গলবার এই অভিযোগ দেওয়া হয়েছে বলে কাশিয়ানী থানার এসআই আজিজুর রহমান জানিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, দুলাল বালা গ্রামের এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে প্রস্তাব দিচ্ছেন। গৃহবধূ তাতে রাজি না হওয়ায় গত ১৭ জুলাই দুপুরে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন দুলাল। গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে যান। প্রভাবশালী দুলাল তখন পালিয়ে গেলেও গৃহবধূ ও তার শিশুসন্তানসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন।

তাছাড়া রাতে ঘরের বাইরে টয়লেটে গেলে দুলাল তাকে শারীরিকভাবে নির্যাতন করেন এবং তার স্বামী বাড়ির বাইরে গেলে দুলাল তাকে উত্ত্যক্ত করেন বলেও অভিযোগ।

গৃহবধূ বলেন, “দুলাল দীর্ঘদিন ধরে আমার পিছে লেগেছেন। বিভিন্ন সময় আমাকে নানাভাবে কুপ্রস্তাব দেন দুলাল। আমি কখন কোথায় যাই, কী করি—সব লক্ষ করেন দুলাল। রাতে ঘরের বাইরে টয়লেটে গেলে দুলাল আমাকে শারীরিক নির্যাতন করেন। আমার স্বামী কোনো কাজে বাড়ির বাইরে গেলে দুলাল বাড়িতে এসে আমাকে উত্ত্যক্ত করেন। আমি আমার স্বামীকে বিষয়টি জানাই। স্বামী কিছু বলতেই দুলাল তাকে মারতে আসেন। এখন দুলাল আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন।”

গৃহবধূ বলেন, প্রাণের ভয়ে তিনি তার দুই বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

“আমার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। ন্যায় বিচারের জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করছি।”

তবে দুলাল এসব অভিযোগ অস্বীকার করেছেন।

দুলাল বলেন, “বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”

পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন এসআই আজিজুর রহমান।

এসআই বলেন, “গৃহবধূ থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”