নাটোরে চালকের গলায় ছুরিকাঘাত করে অটোভ্যান ছিনতাই
চারজন যাত্রী নিয়ে লালপুরের ওয়ালিয়া বাজার থেকে বড়াইগ্রামের রামাগাড়ী বাজারে যাচ্ছিলেন ভ্যানচালক আবু তালেব।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চালকের গলায় ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে রামাগাড়ী বাঁশঝাড় শাহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক।
আহত আবু তালেব (৪৫) ওয়ালিয়া কারিগরপাড়ার প্রয়াত আবু বক্করের ছেলে।
আবু তালেবের স্ত্রী মাবিয়া বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, রাতে চারজন যাত্রী নিয়ে লালপুরের ওয়ালিয়া বাজার থেকে বড়াইগ্রামের রামাগাড়ী বাজারের উদ্দেশে রওনা দেন তার স্বামী।
রামাগাড়ী সড়কে বাঁশঝাড় এলাকায় নির্জন স্থানে পৌঁছানোর পর যাত্রীরা তার স্বামীর গলায় ধারালো কিছু দিয়ে আঘাত করে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
ওসি আবু সিদ্দিক বলেন, আবু তালেবের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়ায় স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবু তালেবের অবস্থা এখন একটু ভালো বলে জানান ওসি।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি তবে ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
