‘যুবদল নেতাকে বসতে দেওয়ায়’ দোকানে তালা দিলেন আওয়ামী লীগ নেতা
“খারাপ লোকদের নিয়ে মিটিং করে ফেইসবুকে দিয়ে আওয়ামী লীগের বদনাম করে; তাই দোকান বন্ধ করে দিয়েছি”, বলেন আওয়ামী লীগের নেতা।
বরিশালের গৌরনদীতে ‘যুবদলের এক কেন্দ্রীয় নেতাকে বসতে দেওয়ায়’ দোকানে তালা লাগিয়ে দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা।
শনিবার সকালে গৌরনদীর মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর কবিরাজ, সহসভাপতি মো. জালাল সরদারের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের ৭-৮ জন নেতাকর্মী এসে দোকানে তালা লাগিয়ে দেন বলে জানান দোকানমালিক মো. জাকির হোসেন।
তবে এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়নি; অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে বলে গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানিয়েছেন।
জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার রাতে জানান, মাহিলাড়া বাজারে তার সবজি ও ফলের দোকান আছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আড়তে এসেছিলেন তার আত্মীয় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং একই এলাকার বাসিন্দা মো. কামরুজ্জামান দুলাল। আড়তে এসে ১০ মিনিট অবস্থান করে কর্মীদের নিয়ে তিনি চা পান করে ঢাকা চলে যান।
আগামী ২৪ জুন বরিশালে বিএনপির ‘তারুণ্য সমাবেশ’ রয়েছে। ওই সমাবেশ সফল করতে দুলাল প্রস্তুতি সভা করতে বরিশালে এসেছিলেন।
জাকির বলেন, “সকালে আওয়ামী লীগ নেতারা এসে দোকানে কেন দুলালকে বসতে দিলাম এ নিয়ে গালিগালাজ করেন। পরে কর্মচারীদের বের করে দিয়ে দোকানে তালা লাগিয়ে দেন।
“দোকানে আম, লিচুসহ বিভিন্ন ফল রয়েছে। দোকান তালাবদ্ধ করে দেওয়ায় তা পচে যাবে। আমি আওয়ামী লীগ নেতা আলমগীরের কাছে অনেক অনুনয়-বিনয় করার পরেও নেতারা দোকানের চাবি দেননি”, যোগ করেন জাকির।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. কামরুজ্জামান দুলাল সাংবাদিকদের বলেন, “মাহিলাড়া আমার জন্মভূমি, ওখানে আমি মানুষ হয়েছি। তাই বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে আমার আত্মীয়ের দোকানে বসে চা পান করেছি। সে কারণে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতারা। এই জুলুম থেকে সাধারণ মানুষকে বাঁচানো কিংবা দেখার কেউ নেই।”
এ বিষয়ে মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর কবিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাকির হোসেন দোকানে অবৈধ মালামাল রাখে এবং বিভিন্ন লোকজন জড়ো করে সমাজবিরোধী কাজ করে। ওকে আশ্রয় দিয়ে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দিয়েছি।
“সেখানে সে খারাপ লোকদের নিয়ে মিটিং করে ফেইসবুকে দিয়ে আওয়ামী লীগের বদনাম করে। তাই দোকান বন্ধ করে দিয়েছি। ও যদি এ কাজ না করে, এমন মুচলেকা দেয়, তাহলে দুই-চার দিন পর দোকান খুলে দেওয়া হবে”, যোগ করেন আওয়ামী লীগ নেতা।
