তারেক রহমান কখনও রাজনীতি করেননি: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেছেন, তারেক জিয়া কী ছিল সবাই জানে। হাওয়া ভবন বানিয়ে যে লুটপাট কমিশন বাণিজ্য করেছে তা কেউ ভুলে যায়নি।
তারেক রহমান কোনো ‘রাজনীতিবিদ’ ছিলেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
রোববার কুষ্টিয়ায় নিজের বাসভবনে তিনি বলেন, তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর ছেলে। সেই ক্ষমতাকে ব্যবহার করে সন্ত্রাস-দুর্নীতি করে গেছেন।
দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে জেলা পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, “২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারেক জিয়ার অপকর্ম সবার মুখে মুখে ছিল।”
অবৈধ সম্পদের মামলায় বৃহস্পতিবার তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
এর প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বলেছিলেন, “১/১১ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে সরানোর একটা স্কিম কাজ করেছে যা বর্তমানেও অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে গত সংসদ নির্বাচনের ঠিক আগে অর্থাৎ ২০১৮ সালে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল।”
এ বিষয়ে জানতে চাইলে হানিফ বলেন, “মির্জা ফখরুল মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করতে পারবে না। জাতি জানে বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলা, তারেক রহমানের দুর্নীতির মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছিল।
“তারেক জিয়া কখনোই রাজনীতিবিদ ছিলেন না যে তাকে রাজনীতি থেকে সরাতে হবে।”
তিনি বলেন, “তারেক জিয়া কী ছিল সবাই জানে। হাওয়া ভবন বানিয়ে যে লুটপাট কমিশন বাণিজ্য করেছে – তা কেউ ভুলে যায়নি।
“তারেক রহমান কি রাজনীতিবিদ? তারেক রহমান কবে রাজনীতিবিদ ছিলেন? আমরা বহুবার বলেছি তারেক রহমান কোনো রাজনীতিবিদ ছিলেন না। সাবেক রাষ্ট্রপতির ছেলে, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে ক্ষমতার দম্ভ দেখিয়েছেন। যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় উনি হাওয়া ভবন বানিয়ে সরকারের মধ্যে সরকার গঠন করেছেন।”
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
