বিপ্লব ও সংহতির দিবসের শোভাযাত্রায় তারেক রহমান
নয়া পল্টন থেকে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া অ্যাভেনিউয়ে গিয়ে শেষ হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকাল সোয়া ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন তিনি। পরে তাতে শামিল হন সরকারপ্রধান।
ক্ষমতাসীন দলের এ কর্মসূচি ঘিরে কাকরাইল মোড় থেকে শুরু করে ফকিরেরপুল মোড় পর্যন্ত হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকদের ঢল জনসমুদ্রে রূপ নিয়েছে।
নেতাকর্মীদের হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাদের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড রয়েছে।
নেতা-কর্মীরা বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরে শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হয়ে বাংলা মোটর, ফার্মগেট মোড় দিয়ে মানিক মিয়া অ্যাভেনিউয়ে গিয়ে শেষ হবে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়। জিয়া হন গৃহবন্দি।
৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
১৮ বছর বাদে এবারই প্রথম সরকারিভাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হচ্ছে।
