জিয়া দম্পতির কবরে শ্রদ্ধা রাষ্ট্রপতির
দেড় যুগ বাদে এবারই প্রথম সরকারিভাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হচ্ছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে রাষ্ট্রপ্রধান শেরেবাংলা নগরে জিয়া কমপ্লেক্সে যান বলে জানিয়েছে তার দপ্তর।
সেখানে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, সামরিক সচিব মেজর জেনারেল এ এস এ বাহাউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়। জিয়া হন গৃহবন্দি।
৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
১৮ বছর বাদে এবারই প্রথম সরকারিভাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হচ্ছে।
