২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সড়ক দুর্ঘটনা: নবজাতকের পর মায়েরও মৃত্যু

নিমোনিয়া আক্রান্ত নবজাতকে নিয়ে মাইক্রোবাসে করে হাসপাতালে যাওয়া পথে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2022, 11:56 AM

Updated : 12 Sep 2022, 12:07 PM

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নবজাতকের মৃত্যুর পর তার মাও মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ালো।

রোববার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মোসলেমা বেগম মারা যান বলে তারাগঞ্জ থানার ওসি সুশান্ত কুমার জানান।

মৃত মোসলেমা নীলফামারী জেলার রশিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, রোববার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকার রংপুর-দিনাজপুর সড়কে ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

নিমোনিয়া আক্রান্ত নবজাতকে নিয়ে ওই মাইক্রোবাসে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন মোসলেমা।

দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং নবজাতকসহ তিনজনের মৃত্যু হয়।

মৃত অপর দুজন হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে আলামিন (৩০) ও জাহিনুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০)।

ওই দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান মোসলেমা। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো বলে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানান।

এতে আহত একই পরিবারের আরও ছয়জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুরনো খবর:

রংপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩