২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাস-মাইক্রো সংঘর্ষে নবজাতকসহ নিহত ৩

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2022, 11:09 AM

Updated : 11 Sep 2022, 03:32 PM

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে এক নবজাতকসহ তিনজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

রোববার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকার রংপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানান।

মৃতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে আলামিন (৩০), জাহিনুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও রশিদুল ইসলামের তিনদিনের নবজাতক।

স্থানীয়দের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, তারাগঞ্জ উপজেলার ইকোর চালী কাজিপুর এলাকার খারুভাজ ব্রিজ থেকে পশ্চিমে কয়েক গজ দূরে ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

দুর্ঘটনায় হতহতরা সবাই একই পরিবারের জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।