১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, আটক ৫

আটকদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, চারটি ধারালো দেশীয় অস্ত্র ও পিস্তলের চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2024, 04:52 PM

Updated : 14 Mar 2024, 05:31 PM

নাটোরে আদালত চত্বরে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নাটোর জেলা ও দায়রা জজ কোর্ট চত্বরের আইনজীবী ভবনের সামনে এ ঘটনা ঘটে বলে নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান।

আহত সময় আহমেদ (৩০) শহরের কানাইখালী এলাকার রাতুল ইসলামের ছেলে।

নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- নাটোর সদরের ফতেঙ্গাপাড়া এলাকার মো. রাইজুল ইসলামের ছেলে মো. সজীব (৩০), বঙ্গজলের মো. সেকেন্দারের ছেলে মো. সুমন (৩৫), কানাইখালীর মো. শওকতের ছেলে মো. শাহারিয়া (২৮), গাড়িখানা এলাকার মো. সবুরের ছেলে মো. সবুজ (২৭) ও শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. মাহমুদুল হাসান সোহাগ (৩০)।

পুলিশ সুপার বলেন, “পূর্ব বিরোধের জেরে কয়েকজন সন্ত্রাসী রাতুলকে ধারালো অস্ত্র দিয়ে বাম হাতের পেশিতে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পাঁচজনকে আটক করে।

“এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, চারটি ধারালো দেশীয় অস্ত্র, পিস্তলের চার রাউন্ড গুলি এবং তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।“

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও জড়িত বাকিদের আটকে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।