ত্রিশালে আওয়ামী লীগের সম্মেলনস্থলে ছুরিকাঘাতে তরুণ খুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পাশে ছুরিকাঘাতে এক তরুণ প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দরিরামপুর সরকারি নজরুল একাডেমি মাঠের পাশে এ ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান।
নিহত আবীর (১৮) ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদ এলাকার ভাঙারি ব্যবসায়ী আবুল কালামের ছেলে।
ওসি মাঈন উদ্দিন জানান, বিকালে দরিরামপুর সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলছিল। সম্মেলনের কাছে নজরুল একাডেমির ডাক বাংলোর সামনের সড়কে আবীরকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। সেখান থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে এ খুনের কারণ জানাতে পারেননি ওসি।
নাম প্রকাশে অনচ্ছিুক আবীরের কয়েকজন সহযোগী ময়মনসিংহ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, ময়মনসিংহ নগরীর দলীয় একটি পক্ষের সঙ্গে আবীরের দ্বন্দ্ব ছিল। এর জেরে গত বুধবার গভীর রাতে ময়মনসিংহ শহরের নয়াপাড়া এলাকায় আবীরকে গাড়ি নিয়ে ধাওয়া করে কয়েকজন।
“বৃহস্পতিবার বিকালে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ধাওয়াকারীদের সঙ্গে আবীরের দেখা হয়। সেখানে আবীরের সঙ্গে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ।”
