২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে বাদীর ভাইকে ছুরি মেরে হত্যা

সুনামগঞ্জের আদালত প্রাঙ্গণে আসামিদের উপর্যুপরি ছুরিকাঘাতে বাদীর ভাই নিহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2022, 05:20 PM

Updated : 25 Oct 2022, 10:59 AM

হত্যাকাণ্ডের পরপরই জনতা তিন আসামিকে আটক করে পুলিশে দিয়েছে বলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।

নিহত খোকন মিয়া (৪৫) জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামের ফটিক মিয়ার ছেলে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় জেলা আইনজীবী সহকারী সমিতির অফিসের সামনের তাকে ছুরি মারা হয়। গলা, পিঠ, বুক ও পায়ে ছুরি মারা হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খোকন মিয়ার ভাই মাসুক মিয়ার এক মামলা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে তার আইনজীবীর ভাষ্য।

মাসুক মিয়ার আইনজীবী বাহার আহমদ বলেন, মাসুকদের সঙ্গে একই গ্রামের ফয়েজ মিয়া, সেবুল মিয়া, সাজিদ মিয়া ও শাহান মিয়ার জমি নিয়ে বিরোধ রয়েছে। তা নিয়ে মাসুক মিয়া মামলা করেন, যার বিচার চলছে। এরই মধ্যে গত ১২ মে আসামিরা মাসুক মিয়ার ছেলেদের প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় মাসুক মিয়া জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ করেন।

“দুপুরে বাদীর ভাই খোকন মিয়া তথ্য জানতে আইনজীবী সহকারী সমিতির অফিসে আসেন। এ সময় অফিসের সামনের খোলা জায়গায় আসামি ফয়েজ মিয়া, সেবুল মিয়া, সাজিদ মিয়া ও শাহান মিয়া তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করতে থাকে। একপর্যায়ে তিন আসামি খোকন মিয়াকে ধরে রাখেন এবং শাহান মিয়া ছুরি দিয়ে খোকনের গলা, পিঠ, বুক ও পায়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

হত্যাকাণ্ডের পর স্থানীয়রা তিনজনকে আটক করে পুলিশে দেয়।

নিহত খোকন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল লেইছ রোকেস বলেন, “আইনজীবী ও জনতা মিলে তিন খুনিকে আটক করেছে। তবে আরও একজন পালিয়ে গেছে।”

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন।